শেয়ালের হামলায় জখম ৩০ জন - The News Lion

শেয়ালের হামলায় জখম ৩০ জন




দি নিউজ লায়ন ;   শেয়ালের দলের হামলায় গুরুতর জখম হয়েছেন ৩০ জন গ্রামবাসী । ‌শেয়ালের উপদ্রব থেকে বাঁচতে এখন রাত পাহারা দেওয়া শুরু করেছেন গ্রামের অধিকাংশ মানুষেরা। ঘটনাটি ঘটেছে চাঁচল থানার মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের লাহারিডার গ্রামে। রাতের অন্ধকারে বাড়ির হাঁস-মুরগি তুলে নিয়ে চলে যাচ্ছে শেয়ালের দল বলে অভিযোগ। এতে আরও উদ্বেগ ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। 


এমনকি রাতের অন্ধকারে কাজ সেরে বাড়ি ফেরার পথে শেয়ালের দলের হামলার শিকার হচ্ছেন অনেক গ্রামবাসীরা। মঙ্গলবার রাতেই মতিহারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পৃথক জায়গায় শেয়ালের হামলায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতেরা চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করিয়েছেন । এরপরই গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছেন। শিয়ালের দলকে তাড়াতে এখন পালা দিয়ে রাত জাগা শুরু করেছেন সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দারা


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামে কয়েকদিন ধরেই শেয়ালের উৎপাত শুরু হয়েছে।  মঙ্গলবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে অনেকেই কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় রাস্তায় একা পেয়ে শেয়ালের দল দফায় দফায় হামলা চালিয়েছে তাতে জখম হয়েছে ৩০ জন। আহতদের মধ্যে ১০ জন মহিলাও রয়েছেন। শেয়ালের উৎপাতে সারাক্ষণ এখন আতঙ্কে কাটাচ্ছেন চাঁচোলের মতিহার পুর গ্রাম পঞ্চায়েতের লাহারিডার গ্রামের বাসিন্দারা। 


গ্রামবাসীদের অভিযোগ, দিনের আলোয় শেয়ালের উৎপাত কিছুটা কম হলেও সন্ধ্যা নামার পরে শেয়ালের দল গ্রামে ঢুকে বিভিন্ন বাড়ি থেকে হাঁসমুরগী তুলে নিয়ে চলে যাচ্ছে । বাধা দিতে আসলে সেই দল গ্রামবাসী দের উপর হামলা চালাচ্ছে। গ্রামের রাস্তায় উপযুক্ত পথ বাতি না থাকার কারণে অন্ধকারে সুযোগ নিয়ে এই হামলা চালাচ্ছে শেয়ালের দল। সন্ধ্যে হলেই গোটা গ্রাম অন্ধকারে ডুবে থাকছে। স্থানীয় গ্রামবাসীরা অবশ্য এলাকায় পথ বাতির দাবি তুলেছেন। 


পাশাপাশি এখন শেয়ালের দলকে মারতেই পালা দিয়ে রাত জাগা শুরু করেছেন। পাশাপাশি এব্যাপারে বনদপ্তরের সহযোগিতা চেয়েছেন গ্রামবাসীরা। মালদা বিভাগীয় বনাধিকারিক অংশু যাদব জানিয়েছেন,  বিষয়টি জানা ছিল না। গ্রামবাসীরা যদি সংশ্লিষ্ট এলাকার ফরেস্ট দপ্তরে অভিযোগ জানায়। তাহলে বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.